সিলেটকে ২১২ রানের টার্গেট দিল চিটাগাং

720

খেলাধুলা ডেস্ক: চিটাগাং এর ঘরের মাঠে পরিচিত কন্ডিশনে জ্বলে ওঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন লুক রঞ্চি। প্রথম ম্যাচেই সেটি করে দেখাল স্বাগতিকরা। আগের ম্যাচগুলোতে হেরে ফুসছিলেন রঞ্চি-রাজা-ভ্যান জাইলরা। সুযোগ পেয়ে আজ বারুদ হয়ে জ্বলে উঠলেন তাঁরা। সিলেট সিক্সার্সের বোলিং লাইন আপকে গুঁড়িয়ে দিয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২১১ রান করেছে ভাইকিংসরা। এটি এই মৌসুমের সর্বোচ্চ দলীয় রান। সব মিলিয়ে বিপিএলে পঞ্চম সর্বোচ্চ।

এই ম্যাচে টস জিতেন নাসির হোসেন। লুক রঞ্চির চিটাগং ভাইকিংসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান তিনি।

ব্যাটিং করতে নেমে ঝড় তুলেছিলেন লুক রঞ্চি। তবে তাঁকে সঙ্গ দিতে পারেননি সৌম্য সরকার। মাত্র এক রান করে ফিরে যান এই ব্যাটসম্যান। ২৫ বলে ৪১ রান করেন রঞ্চি। বেশি কিছু করতে পারেননি এনামুল হক বিজয়ও। তিন রান করেন তিনি।

এই ম্যাচে স্টিয়ান ভ্যান জাইল ও সিকান্দার রাজা। ২৬ বলে ৪০ রান করে ভ্যান জাইল আউট হলেও সিকান্দার রাজা এই ম্যাচে রাজত্ব করেন। মাত্র ৪৫ বলে ৯৫ রান করেন জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান। নয়টি চার ও ছয়টি ছক্কা মারেন তিনি। এ ছাড়া নজিবুল্লাহ জাদরান করেন ১৯ রান।

সিলেটের হয়ে কামরুল ইসলাম রাব্বি নেন দুটি উইকেট। আট ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সিলেট সিক্সার্স। এই তিনটি ম্যাচই নিজের মাটিতে জিতেছিল নাসিরের দল। অন্যদিকে ছয় ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে চিটাগং।