কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও হতাহতের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। সমিতির কার্যনির্বাহী কমিটির দুই সদস্যকে নিয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন খোকন বলেন, এখন পর্যন্ত কতজন আন্দোলনকারী নিহত ও আহত হয়েছেন, তার কোনো সংখ্যা সরকারের পক্ষ থেকে দেশবাসীকে জানানো হয়নি। তিনি বলেন, ‘…হতবাক হয়ে যাই, সরকার কেন নিহতদের সংখ্যা গোপন করছে?’
মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করে বলেন, তদন্ত শুরু হওয়ার আগেই গণহারে গ্রেপ্তার শুরু হয়ে গেছে। তিনি আরও বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদ ও বেসরকারি সম্পদ ধ্বংসকারীদের সত্যিকার পরিচয় উদ্ঘাটন না করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও আইনজীবীদের গণহারে গ্রেপ্তার না করার অনুরোধ জানাচ্ছি। এ ধরনের কর্মকাণ্ড সংবিধানের মৌলিক অধিকার ও মানবাধিকারের লঙ্ঘন বলে আমরা মনে করি।’ তিনি বলেন, রাষ্ট্রপক্ষ যদি ১৫ দিন আগে হাইকোর্টের রায় বাতিল চেয়ে চেম্বার আদালতে আবেদন করত এবং শুনানি এগিয়ে আনার আবেদন করত, তাহলে এত হতাহতের ঘটনা ঘটত না। সরকারি ও বেসরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হতো না। সরকারের ধীরগতি সিদ্ধান্তের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর দায়ভার সরকারের।
প্রকৃত ঘটনা ও সত্য তুলে ধরতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান মাহবুব উদ্দিন খোকন। পাশাপাশি কারফিউ প্রত্যাহার, সামাজিক যোগাযোগমাধ্যম-ইন্টারনেট চালু করা ও মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি। এ সময় সমিতির সভাপতির সঙ্গে ছিলেন সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ ফজলে এলাহি ও ফাতেমা আক্তার।















