ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের আইনে সেকশন-২১ নোটিস হলো এমন এক ধরনের নোটিস যার মাধ্যমে কোনো কারণ দর্শানো ছাড়াই দুই মাসের সময় দিয়ে একজন ভাড়াটিয়াকে ঘর থেকে বের করে দিতে পারেন বাড়িওয়ালা। লন্ডনের পেখাম এলাকার ভাড়াটিয়া লীন বিবিসিকে জানিয়েছেন, তাঁর ফ্লাটের সেঁতসেঁতে দেয়ালে ছত্রাক বাসা বেধেছে মর্মে বাড়িওয়ালার কাছে অভিযোগ করার পর তাঁকে এই নোটিস ধরিয়ে দেয়া হয়েছে। ঘর ছাড়ার নোটিস পেয়ে তিনি চরম দুশ্চিন্তায় পড়ে যান।
এমন অনেক ঘটনা ঘটেছে, বাড়িওয়ালা ঘরের ভাড়া বাড়াতে গিয়ে বর্তমান ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নোটিস দিয়েছেন।
হ্যাকনি এলাকায় ৭ বছর যাবত একটি স্টুডিও ফ্লাটে ভাড়া থাকেন এস্থার। গত বছর তাঁর বাড়িওয়ালা ঘরের ভাড়া প্রায় ৫শ পাউন্ড বাড়াতে চায়। এতো ভাড়া বৃদ্ধি তিনি বাড়াতে সক্ষম নন জানালে তাঁকে সেকশন-২১ নোটিস পাঠান বাড়িওয়ালা।
হোমলেস হয়ে যাওয়ার আতংকে এস্থার স্থানীয় কাউন্সিলের সাথে যোগাযোগ করেন। তখন কাউন্সিল তাঁর ভাড়ায় ভরতুকি দিতে রাজী হয়।
২০১৯ সালে ক্ষমতাসীন কনজারভেটিভ সরকার রেনটারস রিফরম বিল পাশের প্রতিশ্রুতি দেয়। এই আইন পাশ হলে অকারণে ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে দেয়া নিষিদ্ধ হয়ে যেত। কিন্তু আইনটি পাশ করতে সরকারের গড়িমসি ছিল বলে অভিযোগ করেন কেম্পেইনাররা।
কিন্তু বর্তমান পার্লামেন্টের সর্বশেষ দিন ছিল ২৪ মে। ৪ জুলাই নির্বাচনের আগে ৩০ মে বর্তমান সংসদ ভেঙ্গে দেয়া হবে। এর ফলে প্রস্তাবিত এই আইন পাশের সুযোগ ছিলনা।
কনজারভেটিভ দল বলছে, তাঁরা ক্ষমতায় এলে রেনটারস রিফরম বিল পাশ করবে।















