বিএনপি সশস্ত্র বাহিনীকে সম্মান করে না: হাছান মাহমুদ

879

ঢাকা সংবাদদাতা: বিএনপি সশস্ত্র বাহিনীকে সম্মান করে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, গতকাল সশস্ত্র বাহিনী দিবসে বেগম খালেদা জিয়া ও বিএনপির শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, বেগম জিয়া অংশগ্রহণ করেননি, বিএনপির কোন নেতাকেও সেখানে দেখা যায়নি । খালেদা জিয়ার ও তার নেতাদের অনুপস্থিতি সশস্ত্র বাহিনীর প্রতি চূড়ান্ত অসম্মান প্রদশন।

বুধবার ( ২২ নভেম্বর ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত “বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাঙ্গালী জাতির অহংকার ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি কথায় কথায় নির্বাচনে সেনা মোতায়েনের কথা বলে । সশস্ত্র বাহিনী তো বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী নয়। আইনশৃঙ্খলা বাহিনী হচ্ছে পুলিশ, র‌্যাব। এই গুলো হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা। সশস্ত্র বাহিনী হচ্ছে দেশ রক্ষা বাহিনী। তারা দেশ রক্ষা বাহিনী দিয়ে নির্বাচনের কাজ করাতে চান। এতে প্রমাণিত হয় তারা সশস্ত্র বাহিনীকে প্রকৃতপক্ষে সম্মান করেন না।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান।