নিজস্ব প্রতিনিধি: টরন্টো সিটিতে মঙ্গলবার রাতে প্রধান অতিথির বক্তব্যকালে বাংলাদেশে মানবধিকার, সুষ্ঠু নির্বাচনের শঙকা, আইনের শাসনের অবনতি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্য নিয়ে আশংকা প্রকাশ করেন কানাডিয়ান হাউজ অফ কমেন্সের সদস্য সালমা জাহিদ এমপি।
কানাডা বিএনপির সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরীকে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করায় বিএনপি অন্টারিও কানাডা শাখা কর্তৃক এক কৃতজ্ঞতা প্রকাশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কানাডার নাগরিকত্ব ও অভিবাসন কমিটির চেয়ারম্যান, হাউজ অফ কমেন্সের সদস্য, কানাডা-বাংলাদেশ মৈত্রী কমিটির (বাংলাদেশ ককাস) ভাইস চেয়ারম্যান সালমা জাহিদ এমপি।
প্রধান অতিথি জানান, কানাডিয়ান বাংলাদেশ ককাস কানাডা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এগুলো নিয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহন করছে। গণতন্ত্রসহ বিভিন্ন মানবাধিকার বিষয়ে বাংলাদেশ তার সঠিক অবস্থানে দ্রুত ফিরে আসতে বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করছেন তারা।
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন কারারুদ্ধ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যলাভর ও কারামুক্তির জন্য সভায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

টরন্টো সিটির একটি অভ্যর্থনা হলের এই সভায় সভাপতিত্ব করেন কানাডা বিএনপি নেতা আকলাক হুসাইন। সভাটি পরিচালনা করেন অন্টারিও বিএনপি নেতা জাকারিয়া চৌধুরী।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সামুন ভুইয়া,আব্দুল ওয়াদুদ রোকন, আব্দুল মান্নান, নওশাদ উল্লাহ, মিফতাউল কাদির ফাহিম, ইঞ্জিনিয়ার কুতুব উদ্দীন শামীম,ইঞ্জিনিয়ার আমিনুল খন্দকার মাসুম, আব্দুল মুহিত ও আব্দুল আজিজ প্রমুখ।















