ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী, কোন বর্হিশক্তির পরামর্শে নয়। তিনি আজ বিকেলে রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে ইসকন স্বামীবাগ আশ্রমে আলোচনাসভায় এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা কারো ভিসানীতি, নিষেধাজ্ঞা এসব বিবেচনা করে নির্বাচনে যাচ্ছি না।
আমাদের নজর সংবিধানের দিকে, দেশের জনগণের দিকে। ভারতকে সময়ের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এর সাথে বাংলাদেশের রাজনীতির কোন সম্পর্ক নেই। আজকে বিশ্বে অনেক বিষয় যুদ্ধ, মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট। এখানে বাংলাদেশ বিষয়ে কোন কথা হবে কিনা এটা নিয়েতো ভারতের সঙ্গে আমাদের আলোচনা হয়নি। কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমরা কোন প্রস্তাব পাঠাইনি বাইডেনকে বোঝানোর জন্য।
আজকে বাংলাদেশে নির্বাচন অবাধ সুষ্ঠু করতে ভিসানীতি প্রয়োগ করতে যাচ্ছে। গনতান্ত্রিক দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর কিছু করণীয় আছে কিনা সেটা তার দৃষ্টিকোণ থেকে নিজস্ব ব্যাপার। বাংলাদেশের কোন নির্বাচন নিয়ে ভারত কোন প্রশ্ন বা হস্তক্ষেপ করেছে- এমন জানা নেই বলে জানান ওবায়দুল কাদের।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কিছু কিছু দেশ আছে যাদের নিজেদের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়, প্রশ্ন আছে- তারা কি গণতন্ত্র শেখাবে? বাংলাদেশে কোন কোন মহল আছে তাদের কাছে অবাধ নিরপেক্ষ নির্বাচনের অর্থ যখন আওয়ামী লীগ পরাজিত হবে।















