ঢাকা সংবাদদাতা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে ইঙ্গিত করে বলেছেন, ‘চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতৃবৃন্দকে দূরে রেখে নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে জনগণ তা মেনে নিবে না।’শুক্রবার দুপুরে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষ মাজার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মধ্যদিয়ে সহায়ক সরকারের অধীনে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠা করতে চাই। যেখানে সকল রাজনৈতিক দলের সমান অধিকার থাকবে।’
তিনি বলেন, ‘এ সরকার আমাদের বুকের উপর চেপে বসেছে। এই সরকারের হাত থেকে মানুষের মুক্তির জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিকসহ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।















