আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিলে মারাত্মক ঝুঁকিতে পড়বে পশ্চিমারা। এমন হুশিয়ারি দিয়েছে রাশিয়া। খবর আল-জাজিরার।
রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আরেকজান্ডার গ্রুশকো বলেন, পশ্চিমা দেশগুলো যুদ্ধের মাত্রা আরো বাড়ানোর চেষ্টা করছে। এটা তাদেরকে মারাত্মক ক্ষতির মুখে ফেলবে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়াই জোরদারে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমানসহ আধুনিক সব যুদ্ধবিমান দিতে সহায়তা করবে দেশটি। এসব যুদ্ধবিমান চালানোর জন্য ইউক্রেনের বৈমানিকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে দেশটি।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, শুক্রবার জাপানে জি-৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সিদ্ধান্তের কথা জানান। বাইডেনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ডেনমার্ক।
গত কয়েক মাস ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিমান চেয়ে আসছিলেন। তিনি বলেন, সিদ্ধান্তটি নেওয়া হলে আকাশপথে আমাদের বাহিনী ব্যাপকভাবে শক্তিশালী হবে।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, ইউক্রেনের বিমানবাহিনীকে শক্তিশালী করতে এফ-১৬সহ চতুর্থ প্রজন্মে আধুনিক যুদ্ধবিমান দিতে এবং এসব বিমান চালানোর ক্ষেত্রে ইউক্রেনের বৈমানিকদের প্রশিক্ষণ দিতে আমাদের সহযোগী ও মিত্র দেশগুলোর যৌথ উদ্যোগে সমর্থন দেওয়া হবে।
ওই কর্মকর্তা আরও বলেন, আগামী কয়েক মাসে এই প্রশিক্ষণ শুরু হবে। আমাদের সহযোগীরা সিদ্ধান্ত নেবে, এসব যুদ্ধবিমান কখন দেওয়া, কতগুলো দেওয়া হবে এবং কোন কোন দেশ দেবে।















