অসুস্থ মহিউদ্দিনকে বুধবার সিঙ্গাপুর নেয়া হচ্ছে

570

ঢাকা সংবাদদাতা: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বুধবার সিঙ্গাপুরের গ্ল্যানিলস হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে।

মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনির জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন মহিউদ্দিন চৌধুরী। গেলো শনিবার রাত ১১টার দিকে নগরীর চশমা হিলের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাতেই তাকে নগরীর ‘ম্যাক্স হাসপাতালে’ ভর্তি করা হয়।
পরদিন বিকেল ৩টার দিকে তাকে হেলিকপ্টারে করে ঢাকার ‘স্কয়ার হাসপাতালে’ আনা হয়।

নওফেল জানান, রোববার রাতেই বাবার প্রথম দফায় ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই আমরা চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাবো।

শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, এখন অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আওয়ামী লীগ নেতার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ-খবর নেয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করছেন বলেও জানান তিনি।