দুপুরে খুলনা-চিটাগাং, সন্ধ্যায় রাজশাহী-কুমিল্লা

520

খেলাধুলা ডেস্ক: জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। টি-টোয়েন্টির জাঁকজমক এ আসরটি প্রথমবারের মতো সিলেটে উদ্বোধন হয়েছে। ঢাকা পর্বের দ্বিতীয় দিন দুপুরে খুলনা টাইটানসের মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস এবং সন্ধ্যায় রাজশাহী কিংসের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশন।
ইতোমধ্যে খুলনা টাইটানস দু’টি ম্যাচ খেলে এক ম্যাচে জয় ও এক ম্যাচে পরাজিত হয়েছে। আজ খুলনার তৃতীয় ম্যাচ। অন্যদিকে চিটাগাং ভাইকিংসও দু’টি ম্যাচ খেলে এক ম্যাচে জয় ও এক ম্যাচে পরাজিত হয়েছে। আজকের ম্যাচে উভয় দলই চাইবে জয়ী হয়ে পয়েন্ট টেবিলে অবস্থান দৃঢ় করতে। খুলনা ও চিটাগাংয়ের জন্য ম্যাচটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ।
ঢাকার কাছে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় শুরুটা ভালো হয়নি খুলনার। তবে পরের ম্যাচে স্বাগতিক সিলেটকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় তারা। চিটাগাংয়ের মুখোমুখি হওয়ার আগে খুলনার অধিনায়ক বলেন, ‘সিলেটে শুরুটা ভালো না হলেও পরের ম্যাচ জিতে আমরা আত্মবিশ্বাসী। আশা করি, ঢাকাতেও শুরুটা ভালো হবে। দলের সবার ওপরে আমার আস্থা আছে। প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সাফল্য আসবেই।’
খুলনার মত চিটাগাংও বিপিএল শুরু করে হার দিয়ে। তবে পরের ম্যাচে রংপুরকে হারিয়ে দেয় তারা। খুলনার মুখোমুখি হওয়ার আগে চিটাগাংয়ের ইংলিশ ব্যাটসম্যান লুইস রিসের বলেন, ‘আমাদের দলটা বেশ ভালো, আমরা রংপুরের মতো শক্তিশালী দলকে হারিয়েছি। আশা করি, রোববারের ম্যাচেও ভালো খেলে জিতবো আমরা।’
শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট স্পিন সহায়ক, তাই আজ খুলনার একাদশে একটি পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচে আকিলা ধনঞ্জয়া খেললেও দ্বিতীয় ম্যাচে তাকে বসিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইকেল ক্লিঙ্গারকে একাদশে রেখেছিল টাইটানস। তবে আজ আবার মাঠে নামতে পারেন ধনঞ্জয়া। সেক্ষেত্রে ক্যারিবীয় পেসার জোফরা আর্চারের বাদ পড়ার যথেষ্ট সম্ভাবনা। মাহমুদউল্লাহর চোখে অবশ্য আগের ম্যাচের দলটিই নিখুঁত, ‘দ্বিতীয় ম্যাচে সেরা কম্বিনেশন নিয়েই আমরা খেলেছি। হয়তো আগামীতে কিছু পরিবর্তন আসতে পারে। কিন্তু আমার মতে, এটাই এখন আমাদের সেরা কম্বিনেশন।’
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় রাজশাহী কিংসের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস। সিলেট পর্বে কোন ম্যাচ না জিতলেও ঢাকা পর্বের প্রথম ম্যাচে মুমিনুল হকের অপরাজিত ইনিংসে রংপুর রাইডার্সকে আট উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। যদিও এদিন ইনজুরির কারণে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক ড্যারেন স্যামি। তার পরিবর্তে অধিনায়কত্ব করেন মুশফিকুর রহিম।
অন্যদিকে কুমিল্লা ঢাকায় তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কিংসের। প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে হারের পর চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ৮ উইকেটের দারুণ জয়ে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। তাই উভয় দলই আজকের ম্যাচে জয়ী হতে চাইবে।