খেলাধুলা ডেস্ক: জার্মান বুন্দেসলিগার দল বরুশিয়া ডর্টমুন্ডে গোলমেশিন আখ্যা পান আর্লিং ব্রট হালান্দ। গত ট্রান্সফার উইন্ডোয় ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে যেন গোল ক্ষুধা আরও বেড়ে গেছে নরওয়েজিয়ান স্ট্রাইকারের। স্কাই-ব্লুদের হয়ে প্রায় প্রত্যেক ম্যাচেই গোল করেন হালান্দ। আন্তর্জাতিক বিরতি শেষে বুধবার রাতে প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচ খেলেছে ম্যান সিটি। সে ম্যাচেও ‘হালান্দ শো’ দেখেছে ইল্যান্ড রোড স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। নরওয়েজিয়ান তারকার দুই গোলে স্বাগতিক লিডস ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় সিটিজেনরা। জোড়া গোলে একটি রেকর্ড গড়েছেন হালান্দ।
প্রথমার্ধের শেষ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। বিরতি থেকে ফিরে ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হালান্দ। ৬৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল পান নরওয়েজিয়ান তারকা। ৭৩তম মিনিটে বেলজিক ডিফেন্ডার প্যাসকাল স্ট্রুইকের নৈপুণ্যে এক গোলের ব্যবধান কমায় লিডস।
প্রিমিয়ার লীগের চলতি মৌসুমে ১৪ ম্যাচ খেলে ২০ গোল করলেন আর্লিং হালান্দ।
প্রিমিয়ার লীগের ইতিহাসে এত দ্রুত এই সংখ্যক গোল করতে পারেনি আর কোনো ফুটবলার। প্রতিযোগিতাটিতে এক মৌসুমে সর্বোচ্চ ৩৪ গোলের রেকর্ড রয়েছে অ্যালান শিয়ারার এবং অ্যান্ডি কোলের। যে গতি দেখাচ্ছেন হালান্দ তাতে সাবেক দুই ইংলিশ ফুটবলারের রেকর্ড ভেঙে দেয়ার জোর সম্ভাবনা রয়েছে তার।
লিডস ইউনাইটেডের গোলবারের উদ্দেশ্যে মোট ৫টি শট নিয়ে দুই গোল পান আর্লিং হালান্দ। তবে নিজের গোল নয় দলের জয়টাই মুখ্য নরওয়েজিয়ান তারকার কাছে। ম্যাচশেষে অ্যামাজন প্রাইমকে হালান্দ বলেন, ‘সত্যি কথা বলতে, আমি ৫ গোল করতে পারতাম। তবে দলের জয়ই বড়। আর্সেনাল এখন শীর্ষে। ওদের সরিয়ে শীর্ষে উঠতে হবে। তবে আমি যেহেতু স্ট্রাইকার তাই আরও বেশি গোল করতে হত। কিন্তু বাস্তবতা হলো আমাকে আরও অনুশীলন করতে হবে।’
প্রিমিয়ার লীগে ১৫ ম্যাচ খেলে ১৩ জয় ও ১ হারে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৫।
ক্ষুধা আরও বাড়িয়ে দিয়েছে। হালান্দ বলেন, ‘ঘরে বসে বিশ্বকাপ দেখেছি। বিশ্বকাপে খেলতে না পারায় পাগলের মতো হয়ে যাই। সেখানে অন্যদের গোল করতে দেখে যেমন বিরক্ত লেগেছে তেমনি ভালো কিছুর প্রেরণাও পেয়েছি। আমি এখন আরও বেশি (গোলের জন্য) ক্ষুধার্র্ত।’














