আন্তর্জাতিক ডেস্ক: কানাডার টরন্টোর একটি কন্ডোমিনিয়ামে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই গুলির ঘটনা ঘটে। ইয়র্কের আঞ্চলিক পুলিশ প্রধান জিম ম্যাকসুইন একটি সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, টরন্টোর ঠিক উত্তরে অবস্থিত একটি ভবনে এলোপাথাড়ি গুলি ছোঁড়েন বন্দুকধারী।
সিএনএন জানিয়েছে, এ হামলা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে পুলিশ। তাতে এই হামলাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করা হয়েছে। নিহতের পাশাপাশি গুলিতে একজন গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীকে গুলি করে থামিয়েছে একজন পুলিশ কর্মকর্তা। এতে ঘটনাস্থলেই হামলাকারী নিহত হন। এখনও তার নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
এছাড়া ঘটনায় হতাহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। তাদের আত্মীয় ও পরিবারের সঙ্গে কথা বলার পর এগুলো প্রকাশ করা হবে বলে জানান ম্যাকসুইন।
কনস্টাবল লরা নিকোল সিএনএনকে বলেন, এটি আমার ক্যারিয়ারের সবথেকে ভয়াবহ ঘটনা। এখনও সন্দেহভাজন ব্যক্তির উদ্দেশ্য প্রকাশ করা হয়নি। তিনি কী কারণে গুলি চালিয়েছে তা স্পষ্ট হতে সময় লাগবে বলে জানিয়েছে পুলিশ।















