কেউ নিখোঁজ হলে তাঁকে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

591

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘কোনো নিখোঁজই কাম্য নয়, যদি কেউ নিখোঁজ হয়ে থাকে তাকে খুঁজে বের করা হবে।’ তিনি জানিয়েছেন, সাংবাদিক উৎপল দাসকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্রাব) এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অপরাধবিষয়ক সাংবাদিকরা একসঙ্গে কাজ করে।’ তিনি আরো বলেন, ‘যারাই অন্যায় করে, পুলিশ বাহিনী কিংবা নিরাপত্তা বাহিনী যেখানেই হোক কাউকে কিন্তু ক্ষমা করা হচ্ছে না। আমাদের সংসদ সদস্য পর্যন্ত ক্ষমা পাচ্ছে না। পুলিশ হোক আর যেই অন্যায় করুক, কেউ ক্ষমা পাবে না।’

গত ১০ অক্টোবর দুপুর ১টার দিকে কাজ শেষে অফিস থেকে বের হন পূর্বপশ্চিমবিডি.নিউজের সাংবাদিক উৎপল দাস। এর পর থেকেই তিনি নিখোঁজ। তাঁর ব্যবহৃত দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবার, সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এদিকে গতকাল মঙ্গলবার থেকে নিখোঁজ আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজার।

এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে বাসা থেকে বের হয়ে যান সিজার। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস নেন তিনি। পরে বিকেল ৪টা থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তখন থেকেই সিজারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।