আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়া সফর শেষে বুধবার চীন পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরে উত্তর কোরিয়া ও আমেরিকার পারস্পরিক পরমাণু হামলার হুমকি ও চীনের সাথে আমেরিকার বাণিজ্য নিয়ে আলোচনাই হবে মুখ্য বিষয়। খবর বিবিসি। ট্রাম্প বেইজিং বিমানবন্দরে অবতরণ করলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে অভ্যর্থনা জানান।
এর আগে দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে তিনি চীনকে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। এ সময় তিনি শি জিনপিং এর অনেক প্রশংসা করেন।
ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া চীনা সম্রাটদের শহর পরিদর্শন করবেন। সেখানে তারা চা চক্রে অংশগ্রহণ করবে। ট্রাম্প এশিয়ায় ৫ টি দেশ সফর করবেন এবং এরই মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর শেষ করেছেন।
উল্লেখ্য, জাতিসংঘ ও আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করে পারমাণবিক ও পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। চীন দেশটির একমাত্র আন্তর্জাতিক মিত্র।















