রংপুরের সামনে ১৬৭ রানের লক্ষ্য রাখল চিটাগং

637

খেলাধুলা ডেস্ক: ঠিক যেন গত ম্যাচের পুনরাবৃত্তি। মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১১ ওভারে ৯৭ রান তুলে নিয়েছিল চিটাগং ভাইকিংস। আজ বুধবার রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ৯ ওভারেই ভাইকিংসরা করে ১০০ রান। নবম ওভারের পঞ্চম বলে লুক রঞ্চি বিদায় নিতেই ব্যাটিংয়ের দৈন্যভাবটা ফুটে ওঠে দলটির। এরপর দিলশান মুনবিরা ফিরে যান ২০ রান করে। প্রথম তিনজন ব্যাটসম্যান আউট হতেই পরের ৬ ওভারে মিসবাহ-রিসরা মিলে নেন মাত্র ৩১ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৬ রান করে থেমে যায় চিটাগং ভাইকিংসদের ইনিংস।

অথচ ম্যাচে কি দুর্দান্তভাবেই না শুরু করেছিল মিসবাহ উল হকের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লুক রঞ্চি একাই রংপুরের বোলারদের শাসন করে চলেন। প্রথম ৫ ওভারে দলটির স্কোর ছিল ৬৩ রান। আজ দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিরে যান সৌম্য সরকার। মাশরাফির বলে জিয়াউরকে ক্যাচ দেন তিনি। চিটাগংয়ের রান তখন ৫৯। সৌম্যর রান মাত্র ৭!

দ্বিতীয় উইকেট জুটিতে ৪০ রান যোগ করেন রঞ্চি ও মুনাবিরা। ৯৯ রানে আউট হন লুক রঞ্চি। মাত্র ৩৫ বলে সাতটি ছক্কা ও সমান সংখ্যক চারে ৭৮ রা্ন করেন এই কিউই ব্যাটসম্যান। গত ম্যাচে ২১ বলে ৪০ রান করেছিলেন তিনি।

ভাইকংসদের রানটা আরো বাড়তে পারত। তবে মিডল অর্ডারে একেবারে শম্ভুক গতির ব্যাটিং করেন অধিনায়ক মিসবাহ ও লুইস রিস। ১৬ বলে ১০ রান করে আউট হন রিস আর মিসবাহ করেন ৩২ বলে মাত্র ৩১ রান। অপর ব্যাটসম্যান এনামুল হক বিজয় ১৪ বলে করেন ১৭ রান।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ রাজশাহী কিংসকে ৬ উইকেটে বিধ্বস্ত করে রংপুর। চিটাগং ভাইকিংসের অবস্থা খুব একটা সুবিধাজক অবস্থানে নেই। আগের ম্যাচে তারা বড় ব্যবধানে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে, ৮ উইকেটে।