সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

52

ঢাকা সংবাদদাতা: কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত সেপ্টেম্বরে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে সানজিদা-সাবিনারা। দেশের জন্য গৌরব বয়ে আনায় প্রমীলা ফুটবলারদের সংবর্ধনা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই সংবর্ধনা দেয়া হয়। এ সময় সাফজয়ী ২৩ জন নারী ফুটবলার ও ১১ জন প্রশিক্ষক এবং কর্মকর্তাকে সম্মাননা চেক প্রধান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলোয়াড়দের ৫ লাখ এবং প্রশিক্ষক ও কর্মকর্তাদের ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, ফুটবল ফেডারেশন সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন।

উনিশ বছর পর মেয়েদের হাত ধরে ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। কাঠমান্ডুতে সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা নিয়ে দেশে ফেরেন সাবিনা-সানজিদারা। দেশের জন্য গৌরব বয়ে আনায় নারী ফুটবলারদের ছাদখোলা সংবর্ধনা দেয়া হয়। রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় তখন মেয়েদের সংবর্ধনা দিতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সংবর্ধনা অনুষ্ঠানে মেয়েদের আরো সাফল্য কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পরে সাফজয়ী খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর হাতে তাদের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ।