ঢাকা সংবাদদাতা: অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা হয়েছে বলে পল্টন থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে। বুধবার বিকালে নয়া পল্টনের পশ্চিম দিকে ফকিরাপুল বাজার মোড়ে এ ঘটনা ঘটে। পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া জানান, আমরা এমন একটা ঘটনা শুনেছি। ভিকটিমের গাড়িচালক আমাদের অভিযোগ দিয়েছেন। তবে তারা এখনও থানায় জিডি করতে আসেনি। একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। বিবৃতিতে বিএনপিকে দায়ী করে তারা বলছেন, বিচারপতি মানিক যখন গাড়িতে নয়া পল্টনের রাস্তা ধরে যাচ্ছিলেন, তখন বিএনপির সমাবেশ থেকে তার নাম ধরে আপত্তিকর স্লোগান দেওয়া হয় এবং তার উপর শারীরিকভাবে হামলা করা হয়। একই সঙ্গে বিএনপির সন্ত্রাসীরা তার গাড়ি ভাঙচুর করে এবং গাড়ির ড্রাইভারকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। বিচারপতি মানিক মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনীর সভাপতির দায়িত্বে রয়েছেন।















