খেলাধুলা ডেস্ক: পাকিস্তানের দেয়া বড় টার্গেটের বিপরীতে ব্যাটিং ধসের মুখে পড়ে বাংলাদেশ। একশোর ঘর স্পর্শ করতেই ৬ উইকেট হারায় টাইগাররা। আসা-যাওয়ার খেলায় শেষে ঝড়ো ব্যাটিং করেন ইয়াসির আলী রাব্বি। তবুও জয় পায়নি বাংলাদেশ। ত্রি-দেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় ২১ রানে।
আজ (শুক্রবার) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে আগে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ফিফটিতে ৫ উইকেটে ১৬৭ রান তোলে পাকিস্তান। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান করতে সমর্থ্য হয় টাইগাররা।
রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১১ বলে ১ ছক্কায় ১০ রান করে ফেরেন মেহেদী হাসান মিরাজ। আরেক ওপেনার সাব্বির রহমানের সংগ্রহ ১৮ বলে ১৪ রান। মাত্র ৩৭ রানে দুই উইকেট হারানোর পর দারুণ কিছুর আভাস দেন লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব। তবে দুই ব্যাটারের ৫০ রানের পার্টনারশিপ ভাঙে দলীয় ৮৭ রানে।
লিটন-আফিফের বিদায়ের পর মুখ থুবড়ে পড়ে টাইগারদের ব্যাটিং লাইন আপ।
নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। ৯ বলে ৮ রান করে আউট হন নুরুল হাসান সোহান। মোসাদ্দেক ও নাসুম মারেন গোল্ডেন ডাক। ৮ বলে ২ রান করেন তাসকিন আহমেদ।
সপ্তম উইকেটে মাঠে নেমে বিধ্বংসী ইনিংস খেলেন ইয়াসির আলী রাব্বি। ২১ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ চার ও ২ ছক্কা হাঁকান ইয়াসির। কিছু বল বাকি থাকলে হয়তো টাইগারদের জয় এনে দিতেন এই মারকুটে ব্যাটার।
পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। মোহাম্মদ নওয়াজের শিকার ২ উইকেট।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫২ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। মেহেদী হাসান মিরাজের বল খেলতে গিয়ে মোস্তাফিজের হাতে তুলে দেন ২৫ বলে ২২ রান করা বাবর। দ্বিতীয় উইকেটে শান মাসুদকে নিয়ে ৪২ রান তোলেন মোহাম্মদ রিজওয়ান। ২২ বলে ৩১ রান করে নাসুম আহমেদের শিকার হন শান মাসুদ। হায়দার আলীকে থিতু হতে দেননি তাসকিন আহমেদ। ৬ বলে ৬ রান করে আউট হন হায়দার।
৮ বলে ১৩ রান করে হাসান মাহমুদের বলে আউট হন ইফতেখার আহমেদ। আসিফ আলীকে ৪ রানে ফেরান তাসকিন। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন রিজওয়ান। ৫০ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৮ রান করেন তিনি। মোহাম্মদ নওয়াজ ৮* রান করেন।
তাসকিন আহমেদ ৪ ওভারে ২৫ রান দিয়ে দুই উইকেট নেন। একটি করে উইকেট পান হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।















