আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় কলেরায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৯ জন। এছাড়া আরও ছয় শতাধিক মানুষ এতে আক্রান্ত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ‘উদ্বেগজনক হারে’ এই রোগ ছড়িয়ে পড়ছে বলে সতর্কতা জারি করেছে জাতিসংঘ। দেশটির ১৪ প্রদেশের ১১টিতেই কলেরা সংক্রমণ বাড়ছে। এ খবর দিয়েছে আরব নিউজ।
খবরে জানানো হয়, গত মাস থেকেই ছড়াচ্ছে কলেরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতিদিনই নতুন নতুন স্থানে কলেরা শনাক্ত হচ্ছে। যে হারে এই রোগ ছড়াচ্ছে তা উদ্বেগজনক। তবে কলেরায় মারা যাওয়াদের বেশিরভাগই আলেপ্পোর বাসিন্দা। গত এক দশকে এই প্রথম বড় পর্যায়ে কলেরা সংক্রমণ দেখা গেলো সিরিয়ায়। মূলত দূষিত খাবার ও পানি থেকে এই রোগের বিস্তার ঘটে।















