রাজধানীতে বিকৃত যৌনাচারের শিকার হয়ে মার্কিন নাগরিককে হত্যা

182

ঢাকা সংবাদদাতা: রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে বাংলাদেশি বংশদ্ভুত আমেরিকার নাগরিক মাকসুদুর রহমান খান ওরফে মেঘনা ডায়ানা (৪৮) হত্যকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। মাকসুদুরকে হত্যার দায়ে গ্রেপ্তার করা হয়েছে সোয়েব খান ওরফে লাদেন (২০) নামের এক তরুণকে। সোমবার রাতে শেরপুরের নালিতাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৭ আগস্ট যাত্রাবাড়ীর গোলাপবাগের ৩৪ নম্বস্থ একতলা বাসা থেকে মাকসুদুরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ আগস্ট থেকে মাকসুদুরের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ হচ্ছিলো না। এভাবেই কাটে প্রায় ১০দিন। ১১ দিনের মাথায় পরিবারের সদস্যরা তার রুমে গিয়ে দেখেন দরজা বন্ধ। পরে পুলিশকে জানান। এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে মাকসুদুরের মরদেহ উদ্ধার করে। তবে রুমে এসি চলায় মরদেহে পচন ধরেনি বলে জানিয়েছি পুলিশ। মরদেহের সুরতহাল করে পুলিশ মাকসুদুরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে নিহতের বোন অজ্ঞাত কয়েকজনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করেন থানার এসআই মার্ক হাসান।

তথ্য প্রযুক্তি ও নিহতের ফোনের কললিস্ট যাচাই-বাছাই করে ঘাতক সোয়েব খানকে শনাক্ত করেন তিনি। পরে শেরপুর নালিতাবাড়ি থেকে সোয়েবকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিহত মাকসুদুর রহমান বাংলাদেশি বংশদ্ভুত আমেরিকার নাগরিক। চলতি বছরের শুরুতে তিনি দেশে ফিরে গোলাপবাগের নিজ বাড়িতে ছিলেন। মাকসুদুর বিকৃত যৌনাচারে অভ্যস্ত ছিলেন বলে দাবি পুলিশের।

গ্রেপ্তার সোয়েব খানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে এসআই মার্ক হাসান বলেন, চার-পাঁচ মাস আগে সোয়েব খান ঢাকায় এসে মাকসুদুরের বাসায় গৃহপরিচারকের কাজ নেন। সেখানে মাকসুদুর তার সঙ্গে বিকৃত যৌনাচারে লিপ্ত হন। এভাবেই গড়াচ্ছিলো সময়। একপর্যায়ে গত ৮ আগস্ট নিহত মাকসুদুর জানতে পারেন সোয়েব খান বিবাহিত। তার স্ত্রী সন্তান রয়েছে। এতে ক্ষিপ্ত হন মাকসুদুর। এ নিয়ে সোয়েব খানের সঙ্গে বাকবিতণ্ডাও হয় মাকসুদুরের। এক পর্যায়ে সোয়েব খান সেখান থেকে গ্রামের বাড়িতে চলে যান।

১৬ আগস্ট সোয়েব খানকে ফোন করে ঢাকায় এনে নিজ বাসায় ডেকে নেন নিহত মাকসুদুর। সোয়েবকে বিয়ে করে আমেরিকা নিয়ে যাওয়ার কথাও বলেন। ওইদিন বিকেলে আবারও সোয়েবের সঙ্গে বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়ার সময় আগে থেকে বাসায় এনে রাখা হাতুড়ি দিয়ে সোয়েবের গোপনাঙ্গে আঘাত করতে চান মাকসুদুর। পরে সোয়েব খান হাতুড়িটি ছিনিয়ে নিয়ে মাকসুদুরের মাথায় পর পর কয়েকটি আঘাত করে দরজা ভিড়িয়ে পালিয়ে যান। এরপর তিনি সারারাত কমলাপুর রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। একপর্যায়ে হঠাৎ তার মনে হয়, মাকসুদুর তাকে ডাকছেন। পরে ১৭ আগস্ট ভোরে আবারও মাকসুদুরের বাসায় যান সোয়েব খান। সেখানে মাকসুদুরকে গোঙ্গাতে দেখেন তিনি। পরে তাকে পানি খাইয়ে আবারও বাসার দরজা লাগিয়ে পালিয়ে গ্রামের বাড়িতে চলে যান সোয়েব খান।

তদন্ত কর্মকর্তা এসআই মার্ক হাসান বলেন, এই ঘটনায় মামলা হলে তথ্য প্রযুক্তি ও নিহতের কল লিস্ট যাচাই করে শনাক্তের পর হত্যাকাণ্ডে জড়িত সোয়েবকে গ্রেপ্তার করা হয়েছে।