খেলাধুলা ডেস্ক: উইন্ডিজের বিপক্ষে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজে বাজে ভাবে পরাজয় বরণ করার পর ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত ভাবে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট টিম।
ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের অসাধারণ জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বেশ প্রভাব বিস্তার করে চলেছে টাইগার বাহিনী। আজকের ম্যাচে উইন্ডিজকে ১০৮ রানেই বেধে ফেলেছে টাইগাররা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে সফরকারীদের প্রয়োজন মাত্র ১০৯ রান।
বুধবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশের স্পিনে বিভ্রান্ত হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেনের স্পিনে বিভ্রান্ত হয়ে সময়ের ব্যবধানে উইকেট হারায় ক্যারিবীয়রা।
এ দিন ঠিক যেন আগের ম্যাচে উইন্ডিজের ইনিংসের পুনরাবৃত্তি হলো। টস জিতে ফিল্ডিংয়ে নিয়ে বোলারদের অসাধারণ নৈপুণ্যে স্বাগতিকদের চেপে ধরে বাংলাদেশ। এরপর উইন্ডিজ একশর কোটা ছুঁয়েছে বটে, কিন্তু এগোতে পারেনি বেশি দূর। ৩৩ ওভারে ১০৮ রানেই উইন্ডিজকে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। নাসুম নেন ৩টি।
শেষ খবর পাওয়া পর্যন্ত জয়ের জন্য ব্যাট করছে টিম টাইগার। এখন পর্যন্ত ১০ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান। মাঠে আছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত।















