ইস্ট লন্ডনে পোলিও ভাইরাস; ঝুঁকিতে শিশুরা

202

ওয়ানবাংলানিউজ: লন্ডনের সকল পরিবারের প্রতি তাদের শিশুদের সব ধরনের টিকা নেয়া হয়েছে কিনা, তা নিশ্চিত করার আহবান জানানো হচ্ছে। ইস্ট লন্ডনের বিভিন্ন স্থানের নালা-নর্দমা থেকে নেয়া পানির নমুনা পরীক্ষা করে তাতে পোলিও রগের ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ৫ বছর পূর্ণ করা লন্ডনের প্রায় এক তৃতীয়াংশ শিশু তাদের টিকার বুস্টার ডোজ নেয়নি। এজন্য এবার কোভিড নয়, পোলিও টিকা গ্রহণের ক্যাম্পেইন শুরু হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, পোলিওর কারণে পক্ষাঘাত, অর্থাৎ অঙ্গ বৈকল্য সৃষ্টি হতে পারে। তবে লন্ডনে এখনও পোলিও আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। ভাইরাসটি ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনও কম। কিন্তু পিতা-মাতাদের স্মরণ করিয়ে দেয়া হচ্ছে, তাঁরা যেন তাদের সন্তানদের সব ধরনের টিকা এবং বুস্টার সময় মতো নেন।

এনএইচএস এর পক্ষ থেকে শিশুদেরকে পোলিও টিকার পাঁচটি ডোজ দেয়া হয়। সিক্স-ইন-ওয়ান ভ্যাকসিন নামে পরিচিত টিকা দেয়া হয় শিশুর ৮ সপ্তাহ, ১২ সপ্তাহ এবং ১৬ সপ্তাহ বয়সে। ফোর-ইন-ওয়ান প্রি-স্কুল বুস্টার দেয়া হয় ৩ বছর চার মাস বয়সে। এবং থ্রি-ইন-ওয়ান টিনেজ বুস্টার দেয়া হয় ১৪ বছর বয়সে। এই সবগুলো টিকা নেয়া হলে ধরে নেয়া হয়, শিশুদের পুরোপুরি টিকা নেয়া হয়েছে।

কোভিডের স্বাস্থ্যবিধির কড়াকড়ি প্রত্যাহার হয়ে যাওয়ার পর নিউহাম কাউন্সিলের এই সার্জারিতে অন্যান্য নিয়মিত টিকা গ্রহণ করতে স্থানীয় জনগণকে উৎসাহিত করা হচ্ছে।

৫ বছর পূর্ণ করা লন্ডনের প্রায় এক তৃতীয়াংশ শিশু তাদের টিকার বুস্টার ডোজ নেয়নি। সারা দেশের তুলনায় লন্ডনে টিকা গ্রহণের এই হার অনেক কম। আর লন্ডনের কোনো কোনো কাউন্সিল এলাকায় ১৪ বছরের বুস্টার নেয়নি অর্ধেকেরও বেশী সংখ্যক টিনেজ। আপনার সন্তানের নিয়মিত টিকাগুলো হালনাগাদ আছে কিনা, জানতে তাদের রেডবুক দেখে নিন। প্রয়োজনে জিপি’র সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন।