ওয়ানবাংলানিউজ: মিলিয়ন মিলিয়ন পরিবারের মতো জেরারড বারউইকও চরম হতাশা নিয়ে দেখছেন তাঁর ঘরের জ্বালানি খরচ বেড়েই চলেছে। আসন্ন শীত মৌসুমে গ্যাস, বিদ্যুতের বিল পরিবারপ্রতি বার্ষিক আরও এক হাজার পাউন্ড বাড়বে। তখন এই বাড়তি বিল তিনি কিভাবে পরিশোধ করবেন, তিনি এখনও জানেন না।
২০১৯ সাল থেকে সরকার নতুন একটি আইন করে বাসা-বাড়ির জ্বালানির মূল্যের একটা সর্বোচ্চ সীমা বেঁধে দেয়, যাতে করে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সাধারণ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করতে না পারে। এর পড় থেকে জ্বালানির মূল্য মোটামুটি স্থিতিশীল ছিল। কিন্তু গত বছরের অগাস্টের দিকে জ্বালানির পাইকারি মূল্য বেড়ে যায়। ফলে প্রতিটি পরিবারের বার্ষিক গড় জ্বালানি বিল দুই হাজার পাউন্ডে গিয়ে থেকে দাঁড়ায়। এই বিল আসন্ন অক্টোবর মাসে দুই হাজার ৯শ পাউন্ডে গিয়ে ঠেকবে বলে জানিয়েছে ‘স্কটিশ পাওয়ার’। এর ফলে গড় বেতনের কর্মজীবী মানুষের আয়ের দশ শতাংশই ব্যয় হয়ে যাবে গ্যাস-বিদ্যুতের পেছনে। কর্মজীবীদের এই পরিস্থিতির শিকার হওয়াকে জ্বালানি দারিদ্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়। ব্রিটেনের এক কোটি পরিবার এই জ্বালানি দারিদ্র্যের শিকার হতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় স্কটিশ পাওয়ারের চিফ এক্সিকিউটিভ কিথ এন্ডারসন সরকারের প্রতি আহবান জানিয়েছেন, আগামী অক্টোবর মাস থেকে প্রতি পরিবারের বার্ষিক এনার্জি বিল এক হাজার পাউন্ড কমিয়ে দিতে। এজন্য সরকারকে ১০ বিলিয়ন পাউন্ডের একটি বাজেট করার পরামর্শ দিয়ে কিথ এন্ডারসন বলেন, বার্ষিক ৪০ পাউন্ড হিসেবে আগামী এক দশকে এই অর্থ গ্রাহকদের কাছ থেকে ফিরিয়ে আনতে পারে সরকার।
মিস্টার কিথ এন্ডারসনের আশংকা গ্রাহকেরা বিল পরিশোধ করতে না পারলে আরও অনেক এনার্জি কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। ক্ষতি পোষাতে না পেরে স্প্যানিশ কোম্পানি আইবেরড্রলা এর মালিকানাধীন স্কটিশ পাওয়ার সহ ইডিএফ, ই-অন এর মতো কোম্পানিগুলো ব্রিটেনের বাজার ছেড়ে চলে যেতে পারে। ইতোমধ্যে তাঁরা গ্রাহকদের বিলে অনেক ভর্তুকি দিয়েছে। অব্যাহতভাবে ভর্তুকি দেয়া সম্ভব নয়।
এপ্রিল মাস থেকে অধিকাংশ পরিবারের ১৫০ পাউন্ড কাউন্সিল ট্যাক্স মওকুফ এবং অক্টোবর থেকে সকল এনার্জি বিল থেকে ২শ পাউন্ড কমিয়ে দেয়ার ঘোষণা দিয়ে দেশবাসীকে কিছুটা স্বস্তি দিয়েছে দিয়েছে সরকার। এই অর্থ পরবর্তী কয়েক বছরে কিস্তি আকারে গ্রাহকদের কাছ থেকে ফিরিয়ে নেবে সরকার। কিন্তু আসন্ন শীত মৌসুমে এনার্জির দাম আবারও বেড়ে গেলে জনগণকে আরও এক দফা সহায়তা দিতে হবে সরকারের পক্ষ থেকে। সরকারের অর্থ মন্ত্রণালয় বলছে, করনি নির্ধারণ করার আগে তাঁরা দেখতে চায়, এনার্জির দাম কতোটুকু বাড়ে। সোমবার চ্যান্সেলর সরকারের বার্তা স্পষ্ট করেছেন। বলেছেন, সরকারের তরফ থেকে অবশ্যই জনগণকে সহায়তা দেয়া হবে।
সরকার সহায়তা করবে, কিন্তু কখন করবে তা এখনও অনিশ্চিত। ‘স্কটিশ পাওয়ার’ বলেছে, সরকার যদি জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করে আসন্ন সমস্যার সমাধান করতে চায়, তবে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।















