সিলেট সংবাদদাতা: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৭৭ কেজি গাঁজা ও ১০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব-৯। এসময় গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল গত মঙ্গলবার সন্ধ্যার পর চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ড-এর চন্দনা দলাইপাড় গ্রামে অভিযান পরিচালনা করে ৭৭ কেজি গাঁজা ও ১০৩ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হল, চুনারুঘাট থানাধীন চন্দনা ধলাইপাড় একই গ্রামের বাসিন্দা মৃত কুতুব আলীর পুত্র মো. শান্ত ইসলাম (২০) এবং মৃত কুতুব আলীর স্ত্রী মোছা আয়শা আক্তার (৪৫)। সম্পর্কে তারা মা ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অবৈধ মাদক তথা গাঁজা ও ফেন্সিডিল কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা মূলত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জসহ সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো বলে জানায়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।















