আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ আক্রান্ত হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। মঙ্গলবার হোয়াইট হাউসের তরফে এক বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। এতে জানানো হয়, মঙ্গলবার তার কোভিডের র্যা পিড টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তার এখনো গুরুতর কোনো উপসর্গ নেই। সুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি নিজের বাস ভবনে কোয়ারেন্টিনে থাকবেন। তবে সেখান থেকেই সমস্ত কাজ পরিচালনা করবেন ভাইস প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে জিও টিভি।
হোয়াইট হাউসের ওই বিবৃতিতে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস উপসর্গহীন। আপাতত বাড়ি থেকে কাজ করার পরিকল্পনা করছেন তিনি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ছুটি কাটিয়ে সোমবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে ফিরেছিলেন তিনি। এই কদিনে ভ্রমনের সময় তিনি বাইডেন কিংবা ফার্স্ট লেডি জিল বাইডেনের সংস্পর্শে আসেননি
এমনকি ক্যালিফোর্নিয়াতেও কোনও জনসভা বা পাবলিক মিটিং তার ছিল না। ফলে তিনি খুব বেশি মানুষকে আক্রান্ত করেছেন এমন আশঙ্কা নেই। চিকিৎসকদের পরামর্শ মেনে এই কদিন তিনি বাড়িতে আলাদাই থাকবেন, যতক্ষণ না তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে।
গত মার্চ মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন হ্যারিসের স্বামী ডগ এমহফ। তবে তখন নেগেটিভ ছিলেন ৫৭ বছর বয়স্ক হ্যারিস। কোভিডে আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা। গত মার্চ মাসেই আক্রান্ত হন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। এর আগে আক্রান্ত হন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও কোভিড আক্রান্ত হয়েছিলেন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৯ লাখেরও বেশি মানুষ কোভিড প্রাণ হারিয়েছে। সবথেকে খারাপ সময়ে দিনে ৩ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে প্রাণ হারিয়েছে দেশটিতে। বর্তমানে এই সংখ্যা ৩০০ থেকে ৪০০ জনের মধ্যে রয়েছে।















