আন্তর্জাতিক ডেস্ক: টানা চতুর্থবারের মতো হাঙ্গেরির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফিদেজ পার্টির নেতা ভিক্টর অরবান।
রোববার দেশটির সাধারণ নির্বাচন হয়। এখন পর্যন্ত ৯৪ শতাংশ ভোট গণনায় অরবানের ডানপন্থি ফিদেজ পার্টি ৫৩ শতাংশ এবং পিটার মারকি-জে নেতৃত্বাধীন বিরোধী জোট ৩৫ শতাংশ ভোট পেয়েছে। খবর বিবিসির।
২০১০ সাল থেকে হাঙ্গেরির ক্ষমতায় ভিক্টর অরবানের ফিদেজ পার্টি। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণায় বিজয়ী হলে এ নিয়ে টানা চতুর্থবার দলটি ক্ষমতায় আসবে।
ভিক্টর অরবান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কোনো পক্ষেই কথা বলেননি। আর ইউরোপে পুতিনের বন্ধু হিসেবেও পরিচিত তিনি।
ইউক্রেনের সঙ্গে সীমান্ত আছে হাঙ্গেরির। রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর এখন পর্যন্ত ইউক্রেনের পাঁচ লক্ষাধিক মানুষকে হাঙ্গেরি আশ্রয় দিয়েছে।
ভিক্টর অরবান বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহের বদলে দেশটির মানুষকে সাহায্য করছে হাঙ্গেরি। এর মাধ্যমে যুদ্ধ থেকে হাঙ্গেরি নিজেদের দূরে সরিয়ে রেখেছে।
হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হলেও ভিক্টর অরবানের (৫৮) সঙ্গে ইইউর সম্পর্ক ভঙ্গুর। কয়েক বছর থেকে ভিক্টর অরবান ও তার ফিদেজ দল ইইউবিরোধী প্রচার চালাচ্ছে।
ভিক্টর অরবান এক যুগ ধরে হাঙ্গেরির ক্ষমতায়। এ সময় তিনি নিজের মতো করে সংবিধান সংশোধন করেছেন। সর্বোচ্চ আদালতের সব পদে নিজের পছন্দের মানুষকে বসিয়েছেন।















