শীলা ইসলাম গুরুতর অসুস্থ: দোয়া চেয়েছেন সৈয়দ আশরাফ

1002

লন্ডন প্রতিনিধি: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী লন্ডনের মানবাধিকার কর্মী শীলা ইসলাম জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী।
জানা গেছে, লন্ডনের ইউসিএলএইচ হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে শীলা ইসলামকে। তার পাশে রয়েছেন সৈয়দ আশরাফ-শীলা ইসলাম দম্পতির একমাত্র মেয়ে রীমা আশরাফ।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, রোববার সকাল থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফের ব্যক্তিগত সহকারী একে এম সাজ্জাদ আলম শাহীন বলেন, ‘শীলা ইসলাম নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার জন্য জনপ্রশাসনমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
জানা গেছে, শীলা ইসলাম দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছেন। তিনি লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। এর আগে, জার্মানির মিউনিখের একটি হাসপাতালে কেমোথেরাপিসহ ক্যান্সারের কয়েক ধাপের চিকিৎসা করা হয় তার।