ছয় পেনাল্টি পয়েন্টে ট্যাক্সির লাইসেন্স বাতিলের প্রস্তাব

454

ওয়ানবাংলানিউজ: বছরে ছয় পেনাল্টি পয়েন্ট পেলে তিন বছরের জন্য ট্যাক্সি ও মিনিক্যাব ড্রাইভারদের লাইসেন্স বাতিলের একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে লীডস সিটি কাউন্সিল কর্তৃপক্ষ। এই পরিকল্পনাকে অসামঞ্জস্যপূর্ণ এবং জুলুম হিসেবে আখ্যায়িত করে ওয়েইকফিলড, ব্রাডফোরড এবং হাডারসফিল্ড এলাকায় আন্দোলনে নেমেছেন স্থানীয় ট্যাক্সি ড্রাইভাররা।

আন্দোলনের অংশ হিসেবে গত শুক্রবার ব্যস্ত সময়ে লীডস সিটিতে ‘ধীরে চলো’ আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। কয়েক শ’ প্রাইভেট হায়ার ড্রাইভার সিটি সেন্টারের মধ্য দিয়ে সারিবদ্ধভাবে ঘণ্টায় ৫ থেকে ১০ মাইল বেগে গাড়ি চালিয়ে কাউন্সিলের পরিকল্পনার প্রতিবাদ জানান। ট্যাক্সি ড্রাইভাররা বলছেন, এক সেকেন্ডের অসাবধানতায় পেনাল্টি পয়েন্ট পেয়ে তিন বছরের জন্য লাইসেন্স বাতিল হলে তাদের জীবিকা অর্জনের পথ বন্ধ হয়ে যাবে। কিন্তু লীডস সিটি কাউন্সিল বলছে, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই তাঁরা এমন পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে।