মাহবুব আলী খানশূর ঃ জনসাধারনকে ধুমপানে অনুৎসাহিত করতে ব্রিটেন সরকার আবারো টোবাকো বিক্রির নতুন নিয়ম করেছে। কিশোর ও যুবকদের সিগারেটের প্যাকেট যেনো আকর্ষনীয় না করে সেজন্য ২০১২ সালে দোকানগুলোতে খোলামেলা প্রদর্শন বন্ধ করা হয়। আর এবার প্যাকেটের দু‘পাশে গ্রাফিক্স ছবি সম্বলিত সিগারেটের মারাত্মক ক্ষতিকর বর্ণনা থাকা বাধ্যতামূলক এবং প্যাকেটের গায়ে ‘‘অর্গানিক সিগারেট’’ এর মতো বিভ্রান্তিমূলক কোন তথ্য যেনো না থাকে, এমন আরো কয়েকটি নতুন নিয়ম করেছে।
নতুন নিয়মানুযায়ী প্রতিটি সিগারেটের প্যাকেট কটা সবুজ হতে হবে। প্যাকেটের ৬৫ শতাংশ স্থানে ধুমপানের ক্ষতিকর পরিনামের বর্ণনা থাকতে হবে, সিগারেটের ব্র্যান্ড নাম প্যাকেটের নিচের দিকে থাকতে হবে এবং প্যাকেটের গায়ে ‘লো-টার’ ও ‘অর্গানিক’ এর মতো বিভ্রান্তিমূলক কোন শব্দ ব্যবহার করা যাবে না যাতে জনসাধারণ ভুল তথ্য পায়। এছাড়া এখন থেকে প্রতিটি প্যাকেটে নূন্যতম ২০টি সিগারেট থাকতে হবে । রোলিং টোবাকোর ক্ষেত্রেও একই ধরনের নিষেধাজ্ঞা থাকবে বলে ওই আইনে বলা হয়েছে।
বর্তমানে ব্রিটেনের ১৭ শতাংশ মানুষ ধুমপান করে। ২০১২ সালে ধুমপান সংক্রান্ত নিয়মের পর এখানে ০.৫৫ শতাংশ ধুমপায়ীর সংখ্যা কমেছে। লন্ডন ও অক্সফোর্ডের একদল গবেষকের প্রত্যাশা নতুন নিয়মের কারনে ২০১৮ সালের মে মাসের মধ্যে ব্রিটেনে আরো ০.০৫ শতাংশ ধুমপায়ীর সংখ্যা কমবে।















