জামায়াতের আমিরসহ আট জন কারাগারে

559

ঢাকা সংবাদদাতা: অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদসহ আট নেতাকর্মীকে ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী এ আদেশ দেন। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ বিষয়ে জানান।

আনিসুর রহমান জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক মো. সাজু মিঞা দুই মামলায় জামায়াতের আমির মকবুলসহ আটজনকে ১০ দিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তিনি জানান,

আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক, এস এম কামাল উদ্দিন, খোরশেদ আলম ও সানাউল্লাহ মিয়া জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে এ আদেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, তাঁর ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ শাজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম, দক্ষিণ জেলার আমির জাফর সাদেক ও সাইফুল ইসলাম।

গত ৯ অক্টাবর রাজধানী উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে রাত ৯টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে জামায়াত নেতাদের আটক করে। এরপর রাজধানীর কদমতলী থানার পুরোনো দুটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে ২০ দিনের রিমান্ড চাইলে ১০ দিনের রিমান্ডে পাঠানো হয়।