বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ফের অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জন্ডিস ও ডায়বেটিসে আক্রান্ত হয়ে গেলো বুধবার থেকে হাসপাতালে ভর্তি আছেন তিনি।
এখন উত্তরার লেক ভিউ হাসপাতালে তার চিকিৎসা চলছে। দুই-তিনদিনের মধ্যেই তিনি বাড়ি ফিরতে পারবেন। তবে আগামী ডিসেম্বর পর্যন্ত তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এমনটাই জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।
এর আগে গেলো ৩০ আগস্ট উচ্চ রক্তচাপের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন অতিরিক্ত পরিশ্রমের ফলেই অসুস্থ হয়ে পড়েন মোশাররফ। ‘জমজ ৮’ নাটকের শুটিং চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ওইদিন দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একদিন সিসিইউতে থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে বাড়ি ফেরেন তিনি। তখন এ অভিনেতাকে ৭দিন পূর্ণবিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।
দেয়াল আলমারি, জর্দ্দা জামাল, সেই রকম চা খোর, হাউজফুল, চাঁদের নিজস্ব কোন আলো নেই, সিকান্দার বক্স এখন বিরাট মডেলসহ অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।
তার অভিনীত প্রথম চলচ্চিত্র জয়যাত্রা। এরপর রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রজাপতি, টেলিভিশন, জালালের গল্প, অজ্ঞাতনামা চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন মোশাররফ।












