ওয়ানবাংলানিউজ: একবিংশ শতাব্দীর আধুনিক এই ব্রিটেনে ইসলামবিদ্বেষ-সম্পর্কিত হুমকি এখনও বিদ্যমান। মুসলিম মহিলাদের চ্যারিটি সংগঠন মুসলিমস কানেক্ট বলছে, প্রতিদিন অনেক মুসলিম মহিলা খারাপ আচরণের শিকার হচ্ছেন। ওয়েস্ট মিডল্যানডস অঞ্চলে গত বছর বর্ণবাদী আচরণের ঘটনা ৪১শতাংশ বেড়েছে।
বারমিংহ্যামের এই কমিউনিটি হলে মুসলিম মহিলারা আত্মরক্ষার কৌশল শিখছেন। কারণ রাস্তাঘাটে চলার পথে নানা বিপদের আশংকায় থাকেন তাঁরা।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিস এন্ড ক্রাইম কমিশনার সম্প্রতি একটি সেবা চালু করেছে। ঘৃণার শিকার ব্যাক্তিদের এই সেবা দেয়া হয়। মহামারি চলাকালে ৯ হাজারে বেশী বর্ণবাদী এবং ঘৃণা সম্পর্কিত ঘটনা পুলিসে রিপোর্ট হয়েছে। আগের বছরের চেয়ে এ ধরনের ঘটনা ব্যপকভাবে বেড়েছে।
ভারতের কর্ণাটকের একটি স্কুলে এক মুসলিম ছাত্রীকে হিজাব পরিধান করতে নিষেধ করার পর সেখানে তীব্র আন্দোলন গড়ে ওঠে। এই ঘটনার প্রতিক্রিয়া হয় সারা বিশ্বে।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বারমিঙহাম সিটি সেন্টারে হিজাব বিতরণ করে মুসলিম মহিলারা হিজাবের গুরুত্ব তুলে ধরেন সকল ধর্ম ও বর্ণের মানুষের কাছে।
নারী দিবস পালিত হয়েছে নানাভাবে। মিডল্যান্ডসের মুসলিম মহিলারা দিনটি পালন করেছে হিজাবের গুরুত্ব তুলে ধরতে এবং ইসলামবিদ্বেষের বিষয়ে সমাজে সচেতনতা সৃষ্টি করতে। তাঁরা বলছেন, তাঁরা কি পরিধান করবেন, কীভাবে চলবেন এবং কার সাথে বন্ধুত্ব গড়ে তুলবেন- এই বিষয়গুলো তাদের মৌলিক মানবাধিকার। কিন্তু এসব অধিকার এখন হুমকির সম্মুখীন।















