খোদ কংগ্রেসেই সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা চ্যালেঞ্জের মুখে

122

আন্তর্জাতিক ডেস্ক: পাঁচ রাজ্যে বিধানসভার ফল ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের অবস্থা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে। পাঁচ রাজ্যের একটিও দখল করতে না পারা, ভোট শতাংশ’র হিসেবে জনসমর্থন তলানিতে এসে ঠেকা কংগ্রেসে নেতৃত্ব চ্যালেঞ্জের সামনে পড়েছে গান্ধী-নেহেরু পরিবার। জনপথের বাড়িটি আর শক্তির ভরকেন্দ্র বলে বিবেচিত হচ্ছে না। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে। উত্তর প্রদেশে ৯৭ শতাংশ কংগ্রেস নেতার জামানত বাজেয়াপ্ত হয়েছে । স্বাধীনতার পর কংগ্রেসকে কখনো এতো খারাপ জায়গায় পড়তে হয়নি। স্বাভাবিকভাবেই কংগ্রেসের বিক্ষুব্ধ জি টোয়েন্টি নেতারা আবার মাথা তুলে দাঁড়াচ্ছেন। গোলাম নবী আজাদের নেতৃত্বে কংগ্রেস নেতারা ইতিমধ্যে একটা বৈঠকও করেছেন।

নতুন নেতার হাতে দায়িত্ব দেয়ার প্রশ্ন উঠেছে। মরা কংগ্রেসকে বাঁচাতে, নরেন্দ্র মোদির সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার জন্য রাহুল, সোনিয়া যে আর মুখ নন তা বিলক্ষণ বুঝছেন কংগ্রেস নেতারা। তবে , দলের মধ্যে একটা অংশ দাবি তুলেছে, অবিলম্বে প্রিয়াঙ্কা গান্ধীর হতে দলের ক্ষমতা তুলে দেয়া হোক। গান্ধী পরিবার বিরোধীরা তা চান না । তারা চাইছেন, এমন একটি মুখকে তুলে ধরতে যিনি গান্ধী-নেহরু পরিবারের বাইরে হবেন। এক কংগ্রেস নেতার ভাষ্য অনুযায়ী, এবার তো নিজেদের সাবালকত্ব দেখানোর সময় এসেছে। কংগ্রেস একবার দেখাক না যে দশ নম্বর জনপথের বাইরেও একটা দুনিয়া আছে ।