আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একটি ঘাঁটি থেকে ইসরাইল ও ন্যাটোর নির্মিত অস্ত্র উদ্ধারের দাবি করেছে সিরীয় সরকারি বাহিনী।
সিরিয়ার দেইর আজ জোর অঞ্চলের আল-মায়াদিন শহরের একটি ঘাঁটি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) সিরীয় সেনাবাহিনীর এক ফিল্ড কমান্ডারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
ওই সেনা কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ইসরাইলের নির্মিত ভারী, মাঝারি ও হালকা অস্ত্র রয়েছে। ন্যাটো, ইউরোপিয়ান ও পশ্চিমা দেশ নির্মিত মর্টার ও গোলাবারুদ রয়েছে।
এছাড়া গোলন্দাজ বাহিনীর জন্য ব্যবহৃত সরঞ্জাম, সাঁজোয়া যান ধ্বংস করার কাজে ব্যবহৃত ব্যাপক পরিমাণে গোলাবারুদ পাওয়া গেছে। ন্যাটোর ৪০ কিমি পাল্লার একটি ১৫৫ এমএম ভারি কামানও পাওয়া গেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গ্লোবাল রিসার্চ জানায়, প্রায় ৮০০ মর্টার শেল, ১০ হাজার গুলিসহ মেশিন গান, ১৭ এমএম, ১৪ এমএম ও ৩০ এমএম মেশিন গানের গুলি, আরপিজি, ৩টি আরপিজি লঞ্চার ও বেশ কয়েকটি টেলি কমিউনিকেশন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।















