স্পোর্টস ডেস্ক :: আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে হুট করে ডাকা হয়েছে কাজী নুরুল হাসান সোহানকে। ম্যাচ মাঠে গড়ানোর আগের রাতে উইকেটরক্ষক এ ব্যাটসম্যানকে দলে নেওয়ার কারণ মুশফিকুর রহিমের ইনজুরি শঙ্কা।
বুধবার (০২ মার্চ) শের-ই-বাংলায় ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান মুশফিক। স্ক্যানে কোনো সমস্যা ধরা না পড়লেও এখনো ব্যথা আছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ম্যাচের আগে ব্যথা কমলে তাকে নেওয়া হবে। কিন্তু উইকেটরক্ষক ব্যাটসম্যানকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। সামনেই আছে দক্ষিণ আফ্রিকা সফর। তিন ওয়ানডের পাশাপাশি খেলতে হবে দুই টেস্ট।
বাজে পারফরম্যান্সের কারণে সোহানকে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি দল থেকেও বাদ দেওয়া হয়েছিল। জাতীয় দলে পাওয়া সুযোগ তেমন কাজে লাগাতে পারেননি উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিশ্বকাপে দলের প্রয়োজন মেটাতে পারেননি। আবার বিপিএলেও তিনি ছিলেন নিষ্প্রভ। বিভিন্ন পজিশনে নেমে ইনিংস লম্বা করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু হেলায় হারিয়েছেন সেসব সুযোগ। এবার আচমকাই স্কোয়াডে যুক্ত হলেন। দেখার বিষয়, ম্যাচ খেলার সুযোগ পেলে ভালো কিছু করতে পারেন কিনা।
বাংলাদেশ স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, নাঈম শেখ ও নুরুল হাসান সোহান।
আল-আমিন















