ঢাকা সংবাদদাতা : জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় আজ বৃহস্পতিবার আত্মসমর্পণ করবেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন চাইবেন বলে জানান তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। আদালত খালেদা জিয়াকে জামিন দেবেন বলে আশা করছেন তিনি। এ দিন খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ চাইবেন বলে জানা গেছে।
পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচারকাজ চলছে।
গত ১২ অক্টোবর মামলা দুটিতে খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির কার্যক্রম শেষ করে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ঠিক করে দেন। আর চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি জেরার পর্যায়ে রয়েছে।















