ব্রিটেনে পোস্ট অফিস কেলেঙ্কারিঃ বিনা দোষে কারাদণ্ড

453

ওয়ানবাংলানিউজ: ১৯৯৯ সালে পোস্ট অফিসগুলোতে চালু করা হয় একাউনটিং সফটওয়্যার হরাইজন। এর পরেই পোস্ট অফিসের কিছু শাখায় আর্থিক ক্ষতি হতে শুরু করে। অনেক শাখায় বড় বড় অংকের অর্থের হিসাব পাওয়া যাচ্ছিল না। উধাও হয়ে যাওয়া অর্থের জন্য সাব-পোস্টমাস্টার এবং মিস্ট্রেসদের ওপর দায় চাপানো হয়। ভুল তথ্যের ভিত্তিতে ২০০০ সাল থেকে ৭৩৬জন পোস্ট অফিসের স্টাফকে বিচারের আওতায় আনা হয়। কিন্তু ২০১৪ সালে এসে জানা যায়, পোস্ট অফিসের কিছু কিছু শাখায় একাউনটিং সফটওয়্যার হরাইজন ঠিক মতো কাজ করছে না। এরপর শাস্তিপ্রাপ্ত ৭২ জনের ওপর থেকে আদালতের রায় প্রত্যাহার করে নেয়া হয়। পোস্ট অফিসের অর্থ উধাও হয়ে যাওয়ার ঘটনা নিয়ে সোমবার শুরু হয়েছে এক গন তদন্ত। কয়েক সপ্তাহ ধরে চলা এই তদন্তে পোস্ট অফিস তাদের আইটি সিস্টেমের ত্রুটি সম্পর্কে কতোটুকু জানতো এবং নির্দোষ মানুষদের কেন অভিযুক্ত করা হয়েছিল, তা উঠে আসবে। বিশ বছর পেরিয়ে গেছে। কিন্তু নিরপরাধ মানুষকে অপরাধী বানানোর জন্য এখনও কাউকে দায়ী করা হয়নি।

আশফিলডের সাটন এলাকায় পোস্ট অফিস চালাতেন হারজিন্দার বুতয়। পোস্ট অফিসের ২শ হাজারের বেশী অর্থ হাতিয়ে নেয়ার মিথ্যা অভিযোগে তাঁকে তিন বছর তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। গত বছর তিনি অর্থ আত্মসাতের অভিযোগ থেকে খালাস পান।

পূর্ব লন্ডনের রমফোরড এলাকায় পোস্ট অফিস চালাতেন বলজিত শেঠি। তিনি ত্রুটিপূর্ণ একাউনটিং সফটওয়্যার হরাইজন এর ভুক্তভোগী। তাঁকে কারাগারে যেতে হয়নি, কিন্তু তিনি তাঁর ব্যবসা হারিয়েছেন এবং তাঁকে ১৭ হাজার পাউন্ড ফিরিয়ে দিতে বলা হয়েছিল। শেঠির পরিবার ন্যায়বিচার চান।

পোস্ট অফিস কত্রিপক্ষ নোল টমাসকে মিথ্যা একাউনটিং এর দায়ে অভিযুক্ত করে। তাঁর ৬০তম জন্মদিনে তিনি কারাগারে কাটিয়েছেন।

ট্রেসির বয়স যখন ১৯, তখন তাকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে কারাদণ্ড দেয়া হয়। এখনও তিনি জানেন না কি থেকে কি হয়ে গেলো।

মিথ্যা অভিযোগে নিরপরাধ মানুষের কারাদণ্ড হওয়ার ঘটনায় ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছে পোস্ট অফিস। কিন্তু সোমবার এই ঘটনায় নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। এখন পোস্ট অফিসের কর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি করছেন ভুক্তভোগীরা।