সিলেট সংবাদদাতা :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বরাবরে একটি স্মারকলিপি দিয়েছেন নগরীর আখালিয়া এলাকার বাসিন্দারা। স্থানীয়দের পক্ষে মো. আনোয়ার হোসেন নামের একজন রবিবার (৩০ জানুয়ারি) এ স্মারকলিপি প্রদান করেন।
এতে এলাকাবাসী উল্লেখ করেন, ‘শাবিপ্রবি আমাদের পূর্বপুরুষের সম্পত্তির উপরে একজন ওলির নামে প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয়টি আমাদের গর্ব এবং বিষয় এর সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একজন মহান ওলির নামের বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ছেলে-মেয়েরা টিলার উপরে সেন্ট্রাল অডিটরিয়ামের আশেপাশে এবং পুরো ক্যাম্পাস জুড়েই আপত্তিকর ও অনৈতিকভাবে ছাত্র-ছাত্রীরা চলাফেরা এবং অবাধ মেলামেশা করেন। বিষয়টি কোনো সুস্থ ও বিবেকমান মানুষ মেনে নিতে পারে না। ছাত্র-ছাত্রীদের অসংলগ্ন চলফেরা ও আচরণে পরিবারের সদস্যদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশেপাশে চলাফেরা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ছাত্র-ছাত্রীদের এই ধরনের কাজে আমরা এলাকাবাসী ধিক্ষার জানাচ্ছি। এমন কর্মকাণ্ডে মহান ওলি নামকে কলুষিত করাসহ আধ্যাত্মিক নগরী সিলেটের মানুষের অনুভূতিতিতে আঘাত করা হচ্ছে। সিলেটের মানুষ এমন কর্মকাণ্ড বেশিদিন চলতে দিবেন না। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।’
স্মারকলিপির মাধ্যমে শাবি উপাচার্যকে এমন কর্মকাণ্ড কঠোর হাতে দমন করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় কঠোর কর্মসূচির ডাক দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেছেন তারা।
ছাত্র-ছাত্রীদের এসব ‘অবৈধ’ কর্মকাণ্ড দমনের ক্ষেত্রে উপচার্য কোনো প্রতিকূল পরিস্থিতির মুখে পড়লে স্থানীয়রা ‘কাফনের কাপড় পরে’ তাঁর পাশে থাকবেন বলেও জানিয়েছেন।
ওয়ানবাংলানিউজ / ৩১ জানুয়ারি ২০২২ / আল-আমিন















