কোভিডঃ ব্রিটেনের স্কুলে শিক্ষার্থী ও স্টাফের অনুপস্থিতি বেড়েছে

341

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের স্কুলগুলোতে গত বৃহস্পতিবার প্রতি ৮ শিক্ষার্থীর মধ্যে একজন অনুপস্থিত ছিল। সরকারের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। দুই সপ্তাহ আগের চেয়ে এই অনুপস্থিতির হার ৯ শতাংশ বেশী। কেবল শিক্ষার্থী নয়, স্কুলের স্টাফদের অনুপস্থিতিও দিনে দিনে খারাপ হচ্ছে। ব্ল্যাকহিথ এলাকার এই প্রাইমারি স্কুলে সোমবার গিয়ে দেখা যায় শ্রেণীকক্ষে অনেক আসন খালি। ইয়ার-ফোর এর এই ক্লাসে ৩০জন শিক্ষার্থী উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু উপস্থিত হয়েছে ১৭জন। ক্রিসমাসের পর থেকে এই স্কুলে শিক্ষার্থীদের অনুপস্থিতি বিস্ময়করভাবে বেড়েছে। পাঁচ ভাগের এক ভাগ শিক্ষার্থী সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইসোলেশনে আছে। ইসাবেলা এবং রাফি নামের এই দুই শিক্ষার্থীও আইসোলেশন থেকে ফিরেছে।

ভাইরাসের সংক্রমণে ধীর গতি সৃষ্টি করতে স্কুল কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগেই আবার বাবল পদ্ধতি চালু করেছে। বাবল পদ্ধতি হলো, স্কুলের শিক্ষার্থী এবং স্টাফদের বিভিন্ন গ্রুপে বিভক্ত করে রাখা এবং এক গ্রুপকে অন্য গ্রুপ থেকে দূরে রাখা।

ব্ল্যাকহিথ এর ইনভিকটা প্রাইমারি স্কুলের কর্তৃপক্ষ স্টাফদের অনুপস্থিতি নিয়ে বড় ধরনের সমস্যা মোকাবেলা করছে।

ডিপার্টমেন্ট ফর এডুকেশন জানিয়েছে, কোয়ালিফাইড লোকদের একত্রিত করে একটা তালিকা করা হচ্ছে, যাতে প্রয়োজনের ক্ষেত্রে স্কুলের স্টাফ সমস্যায় তাদের কাজে লাগানো যায়। শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্য সাপোর্ট স্টাফরাও এই তালিকায় থাকবেন।

মহামারি থেকে আমরা বেরিয়ে আসছি মনে হলেও শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম চালাতে গেলে বোঝা যায়, মহামারির প্রভাব শেষ হতে আরও অনেক সময় লাগবে।