ঢাকা সংবাদদাতা: ভারতের রাজধানী দিল্লিতে করোনাভাইরাস সংক্রমণ দু’একদিনের মধ্যে পিক-এ বা সর্বোচ্চে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন। তিনি জানিয়েছেন, এ অবস্থায় পৌঁছে করোনার তৃতীয় ঢেউ দুর্বল হতে পারে। সোমবার দিল্লিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৯,০০০ মানুষ। এ সংখ্যা রোববারের তুলনায় কিছুটা কম। রোববার একদিনে আক্রান্ত হয়েছিলেন ২২,৭৫১ জন। এ অবস্থায় সপ্তাহান্তে আবার কারফিউ দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে সোমবার মন্ত্রী বলেন, এরই মধ্যে আমরা পিকে পৌঁছে গেছি অথবা দু’একদিনের মধ্যে পিকে পৌঁছে যাবো। তারপর পরিস্থিতির উন্নতি হতে থাকবে। তবে আরো একবার কারফিউ দেয়ার প্রয়োজন হতে পারে।
এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
ওদিকে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলার জন্য কিছু ব্যতিক্রম বাদে দিল্লিতে সব বেসরকারি অফিসের কর্মকা- বাসায় বসে চালাতে বলা হয়েছে। শুধু অত্যাবশ্যকীয় সেবাখাত এর বাইরে থাকবে। এখন অফিসগুলো অর্ধেক জনবল উপস্থিতি দিয়ে চালাতে দেয়া হচ্ছে। বাকি অর্ধেক কাজ করছেন বাসায় বসে। শহরে সরকারি অফিসগুলো চলছে অর্ধেক উপস্থিতি নিয়ে। নতুন বিধিনিষেধের বাইরে যারা থাকবেন তারা হলেন বেসরকারি ব্যাংক, নিত্যপ্রয়োজনীয় সেবা দেয় এমনসব অফিস, ইন্স্যুরেন্স কোম্পানি, ওষুধ কোম্পানি, ক্ষুদ্রঋণ বিষয়ক কোম্পানি, আইনজীবীদের অফিস ও কুরিয়ার সার্ভিস। এ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ডিজঅ্যাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। সোমবার থেকে দিল্লিতে বন্ধ করে দেয়া হয়েছে রেস্তোরাঁ ও বার। শুধু বাসার জন্য খাবার নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। অনুমতি আছে হোম ডেলিভারির।
ওদিকে সোমবার একদিনে ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৬৩ জন। আগের দিনের চেয়ে তা ১১,৬৬০ জন কম।















