ওয়ানবাংলানিউজ: বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, কোভিড পরিস্থিতি মোকাবেলায় প্ল্যান-বি মেনেই চলবে ইংল্যান্ড। প্ল্যান-বি অনুযায়ী, ইংল্যান্ডে ক্ষেত্রবিশেষে বাধ্যতামূলক মাস্ক পরিধান, সম্ভব হলে বাড়িতে বসে অফিস করা এবং নির্দিষ্ট ভেন্যুতে কোভিড পাস ব্যবহারের নিয়ম চালু রয়েছে। সোমবার আইলসবারি এলাকার এক টিকাদান কেন্দ্র প্রদর্শনকালে তিনি আরও বলেন, মহামারি শেষ হয়ে গেছে ভাবলে ‘বোকামো’ হবে। দেশের কোভিড পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্যবিধিতে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বরিস। তবে আপাততঃ স্কুল খোলা রেখে প্ল্যান বি’তেই ভরসা রাখছেন তিনি।
গত ২৪ঘণ্টায় ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে ১লাখ ৫৭হাজার ৭শ ৫৮ব্যাক্তির দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০হাজার ২শ ১৭জন স্কটল্যান্ডের বাসিন্দা। এটি স্কটল্যান্ডের জন্য দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড। ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডের সংক্রমণ-শনাক্তের উপাত্ত নববর্ষের ছুটি শেষ হওয়ার আগে পাওয়া যাবেনা।
এদিকে স্কুলগুলোতে মাস্ক পরার ওপর জোর দিয়েছেন বরিস জনসন। তিনি বলেন, শ্রেণীকক্ষে মাস্ক পরার বিষয়টি তারও পছন্দ না, তবে মাস্কের ব্যবহারের মাধ্যমে সংক্রমণের গতি কমার প্রমাণ পাওয়া গেছে। প্রয়োজনের চেয়ে বেশী একদিনও মাস্ক পরা বাধ্যতামূলক রাখা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের স্কুলগুলো খোলার সময়ে স্কুলের দৃশ্য ছিল এমন। এ সপ্তাহে ইংল্যান্ডের স্কুলে অনেকটা একই রকম দৃশ্য ফিরে আসবে। তখন শিক্ষার্থীরা পাঠগ্রহণে শ্রেণীকক্ষে যাওয়ার আগে স্কুলেই করোনা টেস্ট করে নিতো। ওয়েস্ট মিডল্যান্ডসের সলিহলের এই প্রধান শিক্ষক এনএএইচটি টিচার্স ইউনিয়নের একজন শীর্ষ নেতা। তিনি বলেন, আমরা একটি অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছি।
দেশের প্রধান বিরোধী দল লেইবার পার্টি বলছে, স্কুলের পরিবেশ যতটুকু সম্ভব নিরাপদ করার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে সরকার। স্কুলের শ্রেণীকক্ষগুলোতে বায়ু বিশুদ্ধকরণ যন্ত্রের পর্যাপ্ত সরবরাহ হয়নি মর্মে অভিযোগ করেন শেডো এডুকেশন মিনিস্টার।
এদিকে এনএইচএস এর কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কোভিড-সংশ্লিষ্ট কারণে ক্রমবর্ধমান সংখ্যক স্বাস্থ্যকর্মী কাজে অনুপস্থিত থাকছেন। তবে লন্ডনে এই পরিস্থিতি এখন কিছুটা উন্নতির দিকে বলেও জানা গেছে।
কিন্তু ওমিক্রন ভ্যারিয়েন্ট তুলনামূলক মৃদু উপসর্গ প্রদর্শন করছে এবং কোভিডে আক্রান্ত হওয়া থেকে শুরু করে হাসপাতালে ভর্তি হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ের ব্যবধানও বেশ কয়েক দিনের হয়ে থাকে। তাই প্রধানমন্ত্রী সাবধান করে বলেছেন, সামনের সপ্তাহগুলোতে এনএইচএসের ওপর চাপ বাড়তে যাচ্ছে।















