‘প্রধান‌ বিচারপ‌তির বক্তব্যই প্রমাণ ক‌রে বিএন‌পি সত্য ব‌লে‌ছে’

547

ঢাকা সংবাদদাতা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধান‌ বিচারপ‌তির (এস কে সিনহা) বক্তব্যই প্রমাণ ক‌রে, বিএন‌পি যা ব‌লে‌ছে তা সত্য। ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছে।’

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।

গতকাল শুক্রবার ঢাকা ছাড়ার আগে প্রধান বিচারপতি এস কে সিনহা এক বিবৃতিতে বলেন, ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি।’

এ বিবৃতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘তাঁর (এস কে সিনহা) বিবৃতি যেটা এসেছে, সেটা থেকে আমরা নিশ্চিত হয়ে গেছি যে, আমরা যে কথাগুলো বলে আসছিলাম, সে কথাটা সর্বাত্মক সত্য। কারণ তিনি প্রথমেই যেটা বলেছেন যে, তিনি সুস্থ আছেন। এই সুস্থ থাকার ব্যাপারটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাঁকে যখন আপনার ছুটি চাওয়ানো হয়, তখন তিনি বলা হয়েছে যে, অসুস্থ আছেন। ক্যাটাগরিক্যালি তিনি বলেছেন যে, সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি বলছেন যে, তিনি বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘চিফ জাস্টিস (প্রধান বিচারপতি) ছুটিতে যাওয়ার পরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে আইনমন্ত্রী কয়েক ঘণ্টা বসেছিলেন। বের হয়ে কী বলেছেন? আমরা বিচার বিভাগ কীভাবে চলবে, বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়োগ—এসব ব্যাপারে আমরা আলোচনা করেছি। দ্যাটস অ্যা ডাইরেক্ট ইন্টারভেনশন ইন জুডিশিয়ারি।’

নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপ নিয়েও কথা বলেন ফখরুল। তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করে বলে দিয়েছি যে, এই নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই। এটা পরিষ্কার কথা বলেছি। তারপর আপনারা জিজ্ঞাস করবেন, (সংলাপে) যাচ্ছেন কি না। কথা বলছেন কেন? এ ছাড়া তো আমাদের কাছে এই মুহূর্তে বিকল্প কিছু নেই।’

সহায়ক সরকার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না বলেও এ সময় মন্তব্য করেন বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।