নড়াইলে জামায়াত-বিএনপির কর্মীসহ গ্রেফতার ৫১

475

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত ও বিএনপির ৮ কর্মীসহ বিভিন্ন ঘটনায় ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে নাশকতা মামলায় জামায়াতের ৭ কর্মী এবং অপর একটি মামলায় বিএনপির এক কর্মী রয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

নড়াইল সদর থানা ১৭ জনকে গ্রেফতার করেছে। তার মধ্যে নাশকতার মামলায় জামায়াত কর্মীরা হলো- পৌরসভার দুর্গাপুর এলাকার মোক্তার হোসেন (৬০), জাকির হোসেন (৪৫), জিয়াউর রহমান (৪৮) ও হবখালী ইউনিয়নের ভাণ্ডারীপাড়া গ্রামের মুজিবুর রহমানকে (৪০)।

এছাড়া লোহাগড়া থানা পুলিশ জামায়াতের এক ও বিএনপির এক কর্মীসহ ১৭ জন, কালিয়া থানা পুলিশ জামায়াতের দুই কর্মীসহ ১০ জন এবং নড়াগাতী থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।

নড়াইলে হরতালের প্রভাব নেই: সারা দেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নড়াইলে কোনো প্রভাব পড়েনি। প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে চলছে জীবনযাত্রা।

তবে শহরে অতিরিক্ত পুলিশের মহড়া চোখে পড়ার মতো। হরতালে কালনা-নড়াইল-যশোর, নড়াইল-খুলনা, নড়াইল-কালিয়া, নড়াইল-মাইজপাড়া, নড়াইল-মাগুরা সড়কসহ অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী বাসসহ অন্য যানবাহন চলাচল প্রতিদিনের মতোই স্বাভাবিক রয়েছে।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, হরতালের নামে কোনো জ্বালাও-পোড়াও, ভাঙচুর বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে- সেজন্য সতর্কতামূলকভাবে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।