মালিতে বাসে জঙ্গি হামলা, নিহত অন্তত ৩১

109

আন্তর্জাতিক ডেস্ক: মালিতে একটি বাসে জঙ্গি হামলায় কমপক্ষে ৩১ জনের প্রাণহানি হয়েছে। বাসটি স্থানীয়দের নিয়ে একটি বাজারে যাচ্ছিল। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমে গাড়ির চালককে গুলি করে মারা হয়। এরপর বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা। এতে ভেতরে থাকা যাত্রীরা পুড়ে মারা যান। নিহতের বেশিরভাগই নারী। তারা কাজের জন্য বাজারটিতে যাচ্ছিলেন বলে জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়েছে, দেশটিতে সম্প্রতি বেড়ে চলেছে জিহাদি হামলা। ধারণা করা হচ্ছে এটিও সে ধরণের হামলার একটি। প্রত্যক্ষদর্শীদের একজন জানিয়েছেন, অস্ত্রধারী জঙ্গিরা প্রথমে চালককে গুলি করে হত্যা করে। এরপরে টায়ারে গুলি করে বাস থামিয়ে দেয়। এখনও হামলার জন্য কোনো সংগঠন দায় স্বীকার করেনি। তবে মালির এ অঞ্চলে আল-কায়দাসহ একাধিক জিহাদি গোষ্ঠী সক্রিয় রয়েছে।