আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠল আমেরিকার আলাস্কায়। রোববার ৬.৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত আনলেও সুনামি সতর্কতার জারি করা হয়নি।
সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে যে ভূমিকম্পটির গভীরতা ছিল ১১১ দশমিক ৮ কিলোমিটার।
আলাস্কা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আলাস্কা ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়, ভূমিকম্পটি দূরবর্তী বুলডির দ্বীপ থেকে ৬০ কিলোমিটার পূর্বে আঘাত হানে। ওই এলাকায় প্রায় ৮ হাজার মানুষের বসবাস।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে কোনও সতর্কতা জারি করা হয়নি।
চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহে আলাস্কা ও রাশিয়ার উপকূলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উপকূলের মাঝামাঝি একটি ভলকানিক দ্বীপের কাছে সেটি উৎপত্তি হয়।
আর বছরের শুরুর দিকে অ্যাঙ্কোরেজ এলাকায় ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হনে। সেসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় পড়ে প্রায় ১০ হাজার বাড়ি।
আলাস্কা এলাকার ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্পটি আঘাত হানে ১৯৬৪ সালে। ৯ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্পে বিশাল সুনামির সৃষ্টি হয়। সেসময় ১৩০ জনেরও বেশি মানুষ মারা যান।















