ফ্রান্সে ৩০ বছর বয়সীদের মডার্নার টিকা না দিতে পরামর্শ

63

আন্তর্জাতিক ডেস্ক :: হৃদরোগের সমস্যা বেশি দেখা দিতে পারে এমন স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে ৩০ বছরের কম বয়সী নাগরিকদের মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার বদলে ফাইজারের টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ফ্রান্সের স্বাস্থ্য বিষয়ক কাজে সহায়তা প্রদানকারী সংস্থা এইচএএস জানায়, সোমবার প্রকাশিত নতুন গবেষণায় দেখা গেছে, মডার্নার টিকার কারণে হৃৎপেশীর প্রদাহের (মায়োকার্ডিটিস) ঝুঁকির তথ্য এসেছে। যদিও তা খুব বিরল।

সংস্থাটি জানায়, ৩০ বছরের কম বয়সী জনসংখ্যার মধ্যে মডার্নার তুলনায় ফাইজারের টিকার ঝুঁকি ৫ গুণ কম।

এর আগে কানাডা, ফিনল্যান্ড, সুইডেনও কম বয়সীদের হৃদরোগের কথা বিবেচনায় নিয়ে টিকা ব্যবহারে সতর্কতার কথা জানিয়েছিল৷

ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইএমএ গত মাসে মডার্নার টিকার বুস্টার ডোজের অনুমোদন দেয়। ১৮ বছরের বেশি বয়সী যারা কমপক্ষে ছয় মাস আগে মডার্নার টিকার দ্বিতীয় ডোজ দিয়েছেন, তাদের ওই তৃতীয় ডোজের অনুমতি দেওয়া হয়।

চলতি বছরের শুরুর দিকে ইএমএ জানায়, মডার্না ও ফাইজার দুই টিকার ক্ষেত্রেই হৃৎপেশীর প্রদাহের ঝুঁকি বাড়ার যোগাযোগ মিলেছে গবেষণায়। যদিও তা বিরল। সূত্র: রয়টার্স

 

ওয়ানবাংলানিউজ / ১০ নভেম্বর ২০২১ / আল-আমিন