কানাইঘাট সীমান্তে তিনদিন পর দুই লাশ হস্তান্তর

346

সিলেট সংবাদদাতা: কানাইঘাটের ডোনা সীমান্তের নুন তালাং ছড়াতে তিনদিন পড়ে থাকার পর গতকাল লাশ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। এ সময় ঘটনার জন্য বিজিবির কাছে বিএসএফ’র পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। বিজিবির সদস্য হস্তান্তর হওয়া লাশ দুটি ময়নাতদন্ত ও পরবর্তী কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করেছে। গত মঙ্গলবার রাতে সীমান্তে ভারতীয় বিএসএফ’র গুলিতে মারা যায় এরাগুল গ্রামের হানই মিয়ার ছেলে আরিফ উদ্দিন ও মৃত লতিফ আলীর ছেলে আসকর উদ্দিন। বিজিবি জানায়- লাশ দুটি লালটিলার পাশের ভারতীয় অংশের নুন তালাং ছড়াতে পড়ে থাকার কারণে বিএসএফ’র মাধ্যমে সেটি উদ্ধার করার প্রক্রিয়া শুরু করা হয়। এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। এর প্রেক্ষিতে গতকাল বিকাল ৪টার দিকে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল সোহেল আহমদ।

তিনি সাংবাদিকদের জানিয়েছেন- ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করে লাশ দুটি হস্তান্তর করেছে। পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য লাশ দুটি পুলিশকে দেয়া হয়েছে।