লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী : বিক্ষোভ দেখাতে প্রস্তুত বিএনপি

1681

ওয়ানবাংলানিউজ: যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, লন্ডনে তিন দিন কাটাবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় (বাংলাদেশ সময় বিকাল সোয়া ৩টা) তারা হিথরো বিমানবন্দরে নামেন। এদিকে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে আগমনের প্রতিবাদে বিক্ষোব দেখাতে প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য বিএনপি।

আলতাব আলী পার্কে যুক্তরাজ্য বিএনপি

বিএনপি নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে জড়ো হতে থাকে। এখান থেকে তারা প্রধানমন্ত্রীর নির্ধারিত হোটেলের সামনে বিক্ষোভ দেখাবে।
এদিকে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাউনাইন। প্রধানমন্ত্রী স্বাগত জানাতে বিপুল সংখ্যক আওয়ামীলীগ নেতাকর্মী জড়ো হয়েছেন বলে জানাগেছে।

লন্ডন থেকে আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে পৌঁছাবেন বলে তার প্রেস সচিব জানান। যুক্তরাষ্ট্রে পক্ষকাল কাটানোর সোমবার রাতে ওয়াশিংটন ডিসি থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হন শেখ হাসিনা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কের পথে ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। ২১ সেপ্টেম্বর তিনি সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন।

জাতিসংঘের কর্মসূচি শেষে ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ভার্জিনিয়ায় যান। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর তার দেশের পথে রওনা হওয়ার কথা ছিল।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ২৫ সেপ্টেম্বর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয় পিত্তথলির পাথর।

ইহসানুল করিম জানান, অসুস্থতার কারণে ফেরার তারিখ পেছালেও প্রধানমন্ত্রী ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি অনলাইনে ‘গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ’ সেরেছেন। অসুস্থতার মধ্যেও ৬১টি জরুরি ফাইল অনুমোদন করেন তিনি।