মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে আসছেন প্রধানমন্ত্রী

923

ওয়ানবাংলানিউজ: পক্ষকাল যুক্তরাষ্ট্রে কাটানোর পর মঙ্গলবার লন্ডন হয়ে দেশের পথে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রেস সচিব ইহসানুল করিম জানান, স্থানীয় সময় সোমবার রাত ১০টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা) ওয়াশিংটন ডিসি থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বাংলাদেশের সরকার প্রধান ও তার সফরসঙ্গীরা।

মঙ্গলবার লন্ডন সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা) হিথরোতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। তিন দিন যুক্তরাজ্যে অবস্থানের পর আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে পৌঁছাবেন বলে তার প্রেস সচিব জানিয়েছেন।

জাতিসংঘের কর্মসূচি শেষে ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ভার্জিনিয়ায় যান। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে ছিলেন। পরে প্রধানমন্ত্রী অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয় পিত্তথলির পাথর।