সাবিনা হত্যার আলামত ইস্টবোর্ণের জঙ্গলে?

402

ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ বাংলাদেশি শিক্ষিকা সাবিনা নেসা র জীবনের ওপর আলোকপাত করতে ইস্ট সাসেক্সের ইস্টবোর্ণ শহরে মঙ্গলবার এক স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভার আয়োজকেরা জানিয়েছেন, নারী ও মেয়েদের প্রতি সহিংসতার বিষয়টির ওপর আলোকপাত করতে তারা এই সমাবেশের আয়োজন করেন। সন্ধ্যা ৭ টার দিকে সমাবেশে সাবিনার রুহের মাগফেরাতের জন্য দোয়া করা হয়। এসময় অনেকে সাবিনা নেসা, সারাহ এভেরার্ড সহ সহিংসতার শিকার অন্য নারীদের ছবি হাতে নীরবে দাঁড়িয়ে থাকেন।

আরেকটি জীবনের অকালে ঝরে যাওয়াকে স্মরণ করলেন সমাবেশে যোগ দেয়া প্রায় ২শ মানুষ। সাবিনা নেসার জন্য ইস্টবোর্ণ শহরে এই সমাবেশ আয়োজনের অন্যতম কারণ হলো, সাবিনা হত্যায় অভিযুক্ত কচি সেলামাজ ইস্টবোর্ণ এলাকার বাসিন্দা। তবে এই সমাবেশ একটি বৃহত্তর আন্দোলনের অংশ।

সাবিনা নেসা থেকে শুরু করে বিবা হেনরি ও নিকোল স্মলম্যান এবং সারাহ এভেরার্ড, সবার ওপর হামলা হয়েছে উন্মুক্ত স্থানে। ফলে নারীর প্রতি সহিংসতায় ইস্যুটি আবার আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

সরকারের ‘সেইফার স্ট্রীট ফান্ড’ থেকে চলতি সপ্তাহে কেন্ট এবং সাসেক্স পুলিসকে প্রায় ১.৭৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেয়া হয়েছে। এই অর্থ ব্যয় করা হবে সিসিটিভি এবং স্ট্রীট লাইট এর উন্নয়নের কাজে। এই অর্থের একটি অংশ ব্যয় করা হবে সচেতনতা সৃষ্টির কাজেও।

গ্যারাজ কর্মী কচি সেলামাজকে সাবিনা হত্যায় অভিযুক্ত করে গত সপ্তাহে আদালতে তোলা হয়। টানব্রিজ ওয়েলসের কাছাকাছি একটি জঙ্গলে হত্যার প্রমাণ সংগ্রহের চেষ্টায় তল্লাশী চালাচ্ছে পুলিস। পুলিশের বিশ্বাস সাবিনা নেসা হত্যাকাণ্ডের কিছু প্রমাণ এখানে পাওয়া যাবে।

দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকায় গত ১৭ সেপ্টেম্বর একটি পাবে এক বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার পথে ২৮ বছর বয়স্ক সাবিনা নেসা নিখোঁজ হন। পরের দিন স্থানীয় ক্যাটর পার্কে সাবিনা নেসার মৃতদেহ পাওয়া যায়।